ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র অপদস্থ হচ্ছে- সম্প্রতি এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছিলেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। এর প্রতিক্রিয়ায় ম্যার্ৎসের বোঝার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ‘ফ্রিডরিশ ম্যার্ৎস মনে করেন ইরানের পারমাণবিক অস্ত্র থাকা ঠিক আছে। তিনি আসলে জানেনই না তিনি কী বলছেন।’
গত সোমবার পশ্চিম জার্মানির মার্সবার্গে শিক্ষার্থীদের এক অনুষ্ঠানে বক্তব্য দেন ম্যার্ৎস। সেখানে তিনি বলেন, ওয়াশিংটনের সামনে এই সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট পথ নেই। বিপরীতে তেহরান ধীরে ধীরে নিজেদের প্রাধান্য বিস্তার করছে।
ম্যার্ৎস আরও বলেন, ‘এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত জটিলতা সামনে এনেছে।’ তিনি অতীতের সামরিক বিপর্যয়ের প্রসঙ্গ টেনে বলেন, এ ধরনের সংঘাতের সমস্যা হলো- শুধু ঢুকলেই হয় না, বের হওয়ার পথও তৈরি করতে হয়। আফগানিস্তান ও ইরাকে এমনটা দেখা গেছে।
জার্মান চ্যান্সেলর বলেন, ইরানি কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছেন। যেমনটা ভাবা হয়েছিল তার চেয়েও ইরানিরা বেশি শক্তিশালী। বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নেতৃত্বে ইরান গোটা একটি জাতিকে (যুক্তরাষ্ট্র) অপদস্থ করছে।
বার্তা বাজার/এমএমএইচ






