ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সৌদি আরব আকাশসীমা ব্যবহার করতে না দেয়ায় থামে ট্রাম্পের হরমুজ অভিযান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:২৪ পিএম

সৌদি আরব আকাশসীমা ব্যবহার করতে না দেয়ায় থামে ট্রাম্পের হরমুজ অভিযান

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত ‘প্রজেক্ট ফ্রিডম’ হঠাৎ স্থগিত করার পেছনে সৌদি আরবের চাপ কাজ করেছে বলে প্রভাবশালী এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেয়ার সিদ্ধান্ত নেয়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হরমুজ অভিযানের পরিকল্পনা থেকে সরে আসেন।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ চলাচলে সহায়তার পরিকল্পনা থেকে হঠাৎ সরে দাঁড়ান, কারণ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপসাগরীয় মিত্র দেশ এই অভিযানে মার্কিন সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি স্থগিত করেছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

স্থানীয় সময় বুধবার (৬ মে) প্রকাশিত প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে এই তথ্য সামনে আনে সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণা দিলে উপসাগরীয় মিত্র দেশগুলো বিস্মিত হয়ে পড়ে। বিশেষ করে এতে সৌদি আরবের নেতৃত্ব বিরক্ত হয়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, পরে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যে রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান এয়ারবেস থেকে মার্কিন বিমান পরিচালনা বা সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে এই অভিযান চালানোর অনুমতি দেয়া হবে না।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে ফোনালাপ হলেও তাতে কোনও সমাধান হয়নি। পরে গুরুত্বপূর্ণ ওই আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের প্রবেশাধিকার পুনরায় ফিরে পেতে ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করতে বাধ্য হন।

অবশ্য শুধু সৌদি আরব নয়, অন্য উপসাগরীয় মিত্র দেশগুলোও এই ঘোষণায় বিস্মিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এমনকি অভিযান শুরু হওয়ার পর কাতারের নেতাদের সঙ্গেও ট্রাম্প কথা বলেন। এক সৌদি সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘নিয়মিত যোগাযোগে’ ছিলেন।

সৌদি নেতৃত্ব ‘প্রজেক্ট ফ্রিডম’-এর ঘোষণায় বিস্মিত হয়েছিল কি না— এমন প্রশ্নের জবাবে ওই সূত্র বলেন, ‘সমস্যা হলো, সবকিছু খুব দ্রুত বাস্তব সময়েই ঘটছে’। সূত্রটি আরও জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত নিরসনে পাকিস্তান যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, সৌদি আরব সেটিকে ‘ব্যাপকভাবে সমর্থন’ করছে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন