তৃতীয়বারের মতো পেট্রল ও ডিজেলের দাম বাড়াল ভারত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে ভারতে। চলতি মাসে এ নিয়ে তৃতীয়বারের মতো পেট্রল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে দেশটিতে। খবর আলজাজিরার।
ভারতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিক্রেতা প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ০.৮৭ রুপি বেড়ে এখন হয়েছে ৯৯.৫১ রুপি (প্রায় ১.০৪ ডলার)। আর ডিজেলের দাম ০.৯১ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৯২.৪৯ রুপি (প্রায় ০.৯৭ ডলার) প্রতি লিটার।
এর আগে মঙ্গলবার (১৯ মে) দ্বিতীয় দফায় তেল বিপণন সংস্থাগুলো প্রতি লিটারে প্রায় ৯০ পয়সা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছিল।
এই তিন দফা মূল্যবৃদ্ধির ফলে ভারতে জ্বালানির দাম মোট প্রায় ৫ রুপি পর্যন্ত বেড়েছে।
পেট্রল ও ডিজেলের এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে ছোট ব্যবসায়ী, পরিবহন খাতের সঙ্গে যুক্ত মানুষ, নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীরা সবচেয়ে বেশি চাপে পড়বেন।






