বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির পরিবারও যে অভ্যন্তরীণ কোন্দল বা পারিবারিক কলহ থেকে মুক্ত নয়, তা আবারও প্রমাণিত হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক চীন সফরকে কেন্দ্র করে তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ট্রাম্পের দ্বিতীয় পুত্র এরিক ট্রাম্পের স্ত্রী লারা ট্রাম্পের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন ও তিক্ততা এবার প্রকাশ্যে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই চীন সফর দুই নারীর মধ্যকার সম্পর্ককে আরও খারাপের দিকে নিয়ে গেছে। মেলানিয়া ট্রাম্প এই রাষ্ট্রীয় সফরে অংশ না নিলেও, প্রেসিডেন্টের সঙ্গী হয়েছিলেন পুত্রবধূ লারা ট্রাম্প। রাডার অনলাইন-এর তথ্য অনুযায়ী, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ট্রাম্পের সফরসঙ্গী দলের অংশ হতে না পারায় এবং তার পরিবর্তে এরিকের স্ত্রী লারা সেখানে উপস্থিত থাকায় চরম ক্ষুব্ধ হয়েছেন।
যদিও সফরের আগে মেলানিয়ার কার্যালয় থেকে জানানো হয়েছিল, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবার সফর করছেন না। তবে তিনি নিজে যেতে না পারলেও, সেখানে লারার উপস্থিতি তিনি মোটেও ভালোভাবে নেননি।
এদিকে, রাষ্ট্রীয় এই সফরে এরিক এবং লারার উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা ও প্রশ্ন উঠেছে। বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ আয়োজিত এক ভোজসভার একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর এই বিতর্কের সূত্রপাত হয়। ওই ছবিতে লারা, এরিক, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একসঙ্গে দেখা যায়।
ছবিটি দেখে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, সেখানে তাদের কোনো কাজ নেই। কবে থেকে প্রেসিডেন্টের সঙ্গে তার পুরো পরিবার সফর করা শুরু করল? আরেকজন ব্যবহারকারী লিখেছেন, ট্রাম্প চীন সফরে তার সবকিছুই নিয়ে এলেন, অথচ মেল (মেলানিয়া) এলেন না? এরিক ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তার স্ত্রীর সাথে একটি ছবি পোস্ট করলে সমালোচনা আরও তীব্র হয়। ‘সল্টি পলিটিক্স’-এর লেখক জুলি রগিনস্কি এরিকের এই উপস্থিতিকে একটি ‘জাতীয় নিরাপত্তা কেলেঙ্কারি’ বলে অভিহিত করেছেন।
অতিথি তালিকা প্রকাশের পর এই সমালোচনা ও বিতর্ক থামাতে ট্রাম্প পরিবারের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, এরিক সেখানে সম্পূর্ণ ‘ব্যক্তিগতভাবে’ উপস্থিত ছিলেন। বিবৃতিতে ব্যাখ্যা করা হয়, তিনি কোনও ব্যক্তিগত বা দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন না, বরং এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে প্রেসিডেন্টের পাশে থাকবেন।
সূত্র: উইয়ন নিউজ
বার্তা বাজার/এমএমএইচ






