বিশ্বের ৩৬টি দেশে পরিচালিত একটি আন্তর্জাতিক জরিপে দেখা গেছে, ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি জনমত ব্যাপকভাবে নেতিবাচক। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এই জরিপে উঠে এসেছে, অংশগ্রহণকারী দেশের অধিকাংশ মানুষ ইসরায়েলের বর্তমান নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন।
চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত পরিচালিত এই জরিপে ৪৪ হাজার ৬৫৭ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। জরিপের বড় অংশের সাক্ষাৎকার নেওয়া হয় ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পরবর্তী সময়ে। ফলাফলে দেখা যায়, গড়ে ৬৭ শতাংশ মানুষ ইসরায়েলের প্রতি নেতিবাচক মত দিয়েছেন, আর মাত্র ২৫ শতাংশ ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন।
বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে ইসরায়েলবিরোধী মনোভাব সবচেয়ে তীব্র বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নিরাপত্তাজনিত কারণে এই জরিপ পরিচালনা করা সম্ভব হয়নি।
ইউরোপের বিভিন্ন দেশেও ইসরায়েলের প্রতি জনমতের উল্লেখযোগ্য অবনতি দেখা গেছে। ইতালি, নেদারল্যান্ডস এবং স্পেনসহ কয়েকটি দেশে অর্ধেক বা তারও বেশি মানুষ দেশটির নীতির বিরুদ্ধে মত দিয়েছেন। অন্যদিকে সাব-সাহারান আফ্রিকার কিছু দেশে তুলনামূলকভাবে ইসরায়েলের পক্ষে ইতিবাচক মতও পাওয়া গেছে।
জরিপে বয়স ও রাজনৈতিক অবস্থানভিত্তিক বড় ধরনের পার্থক্যও উঠে এসেছে। উত্তর আমেরিকা ও ইউরোপে তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব প্রবীণদের তুলনায় বেশি। হাঙ্গেরিতে ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে ৭২ শতাংশ ইসরায়েলের সমালোচক বলে জরিপে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আদর্শ অনুযায়ী বিভাজন আরও স্পষ্ট। সেখানে বামপন্থী ও উদারপন্থীদের ৮৩ শতাংশ ইসরায়েলের বিরোধী অবস্থানে থাকলেও রক্ষণশীলদের মধ্যে এই হার ৩৭ শতাংশ। একই ধরনের প্রবণতা অস্ট্রেলিয়া, গ্রিস, ইতালি ও সুইডেনসহ উচ্চ আয়ের দেশগুলোতেও দেখা গেছে, যেখানে বামপন্থীদের বড় অংশ ইসরায়েলের নীতির সমালোচনা করেছেন।
নেতানিয়াহুর ব্যক্তিগত জনপ্রিয়তাও বিশ্বজুড়ে কমেছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। ২০১৫ সালের তুলনায় ২০২৫ সালে তার প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। দক্ষিণ কোরিয়ায় এই পরিবর্তন সবচেয়ে বেশি, যেখানে ৭৬ শতাংশ মানুষ এখন তার নেতৃত্বের ওপর অনাস্থা প্রকাশ করেছেন।
ইতালিতে ৬২ শতাংশ মানুষ নেতানিয়াহুর আন্তর্জাতিক নীতির প্রতি আস্থা নেই বলে জানিয়েছেন। ৩৬টি দেশের মধ্যে কেবল কেনিয়া ও ফিলিপাইনে কিছুটা ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে, যেখানে অর্ধেকের বেশি মানুষ তার প্রতি আস্থা প্রকাশ করেছেন।
বিশ্লেষকদের মতে, গাজা সংঘাতসহ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা বিশ্বজনমতে ইসরায়েলের অবস্থানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। এর ফলে আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে দেশটির নেতৃত্ব আরও চ্যালেঞ্জের মুখে পড়ছে বলে মনে করা হচ্ছে। তথ্যসূত্র : পিউ রিসার্চ সেন্টার






