যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা ৪ জুলাই রাজধানী তেহরানে শুরু হবে। এরপর ৯ জুলাই তাকে নিজ শহর মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
খামেনির দাফন প্রথমে মার্চ মাসে নির্ধারিত ছিল। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় তা স্থগিত করা হয়। নতুন সূচি অনুযায়ী, ৪ জুলাই থেকে তেহরানে তিন দিনব্যাপী দাফন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ৭ জুলাই কোম নগরীতে আরেকটি অনুষ্ঠান হবে। সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই তাকে মাশহাদে দাফন করা হবে।
গত ফেব্রুয়ারিতে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্ব গ্রহণ করেন খামেনি। এর এক দশক আগে ইরানে ইসলামি বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন খোমেনি।
ইরানে পাহলভি রাজতন্ত্রের পতন ঘটানো এই বিপ্লবের আদর্শিক রূপকার ছিলেন খোমেনি। অন্যদিকে খামেনি মূলত দেশটির সামরিক ও আধা সামরিক বাহিনীর কাঠামো গড়ে তুলেছিলেন।
খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন তার ছেলে মোজতবা খামেনি। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালেই আছেন।
সূত্র: জিও নিউজ
বার্তা বাজার/এস এইচ






