যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন আর যানবাহন দুটিতে প্রচণ্ড আগুন জ্বলছে
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বাস-ট্রাকের ধাক্কায় সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। রাজস্থানের দৌসার কাছে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাস ট্রেলারের সঙ্গে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে ঘটনাটি ঘটে, যখন বাসটি ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। যানটি প্রথমে একটি ট্রেলারের (একটি বড় ট্রাক) সঙ্গে ধাক্কা খায় এবং তারপর দুটি যানবাহনেই আগুন ধরে যায়।
ভিডিওতে দেখা যায়, যাত্রীরা সাহায্যের জন্য চিৎকার করছেন এবং যানবাহন দুটিতে প্রচণ্ড আগুন জ্বলছে। কর্মকর্তাদের মতে, উপরের বার্থের যাত্রীরা মাটিতে ছিটকে পড়েন। তারা জানান, পাঁচজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে এবং দুজন মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত যাত্রীদের অধিকাংশই দুর্ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।
এদিকে, দমকল কর্মীরা আগুন নেভানো এবং লোকজনকে উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদের চিকিৎসার জন্য দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা না গেলেও, পুলিশ সন্দেহ করছে যে বাসের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। বাসের উচ্চ গতিকেও একটি সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, উদ্ধার ও দমকল বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় আরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাদের মতে, আগুন লাগার প্রায় এক ঘণ্টা পর বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়।






