ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান জেনারেল আহমাদ ভাহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি। খবর সিএনএনের।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বৃহস্পতিবার (২ জুলাই) রাতে তেহরানে খামেনির মরদেহ নিয়ে আয়োজিত বিশেষ শোক অনুষ্ঠানে কফিনের পাশে বসে তাকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন ভাহিদি।
এ ছাড়াও খামেনির দাফন ও জানাজার আনুষ্ঠানিকতার প্রস্তুতি নিয়ে পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে গঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকেও অংশ নেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পরপরই ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সাবেক আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর বাহিনীর শীর্ষ পদের দায়িত্ব নেন ভাহিদি। তবে দায়িত্ব নেওয়ার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। তবে খামেনিকে শ্রদ্ধা জানাতে তার উপস্থিতির মাধ্যমে সেই গুঞ্জনের অবসান ঘটল।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে সম্ভাব্য আলোচনায় ইরানের কঠোর অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভাহিদি। ধারণা করা হচ্ছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির ঘনিষ্ঠ একটি ছোট দলেরও সদস্য তিনি।






