তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের কর্মকাণ্ডের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তবে উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের প্রতি তুরস্কের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর শনিবার (০৪ জুলাই) ইস্তাম্বুলে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘আমরা এমন একটি পরিবেশ চাই, যেখানে এ অঞ্চলের সব মানুষ শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করবে।’ খবর প্রেস টিভির।
তিনি বলেন, ‘যুদ্ধে আসক্ত’ ইসরায়েলকে আরেকবার এই অঞ্চলকে বারুদের গন্ধ ও রক্তপাতের দিকে ঠেলে দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।
এরদোয়ান বলেন, ‘আমরা এমন প্রতিটি উদ্যোগকে সমর্থন করি, যা এ অঞ্চলে উত্তেজনা কমাতে সহায়তা করে। একইসঙ্গে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের পথ তৈরি করতে হবে।’
এর আগে, চলতি মাসের শুরুতেও ইসরায়েলের তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলের সঙ্গে নাৎসি জার্মানির তুলনা টেনে বলেন, যারা ‘অ্যাডলফ হিটলারকে অনুসরণ করবে’ তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।
এরদোয়ান আরও সতর্ক করে বলেন, ‘যারা রক্তের গন্ধ পেয়ে হাঙরের মতো এ অঞ্চলের ওপর ঝাঁপিয়ে পড়ছে, তাদের শিগগিরই এর মূল্য দিতে হবে।’






