ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভের জেরে দিল্লিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যন্তর মন্তরে বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট বন্ধ করার অভিযোগ উঠেছে।
দিল্লি পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংঘর্ষে দুই এসিপি, একজন ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল ও একজন কনস্টেবলসহ মোট ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
জানা গেছে, সংসদ মার্গের পার্ক হোটেলের কাছে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিক্ষোভকারীরা উশৃঙ্খল আচরণ করে বলে অভিযোগ করেছে পুলিশ। এর পরেই টিয়ারশেলের শেল নিক্ষেপ করা হয়। এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ এক পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধর করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ বিক্ষোভকারীদের শান্ত থাকতে এবং ইটপাটকেল নিক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানাতে বিক্ষোভস্থলের স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনে। স্বেচ্ছাসেবকরা বিক্ষোভকারীদের জানান, এ ধরনের ঘটনা আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাউডস্পিকার লাগানো একটি পুলিশ বাসের ওপর একজন স্বেচ্ছাসেবককে দাঁড় করানো হয়। বাসটি সংসদ মার্গ এলাকা প্রদক্ষিণ করে। মাইকে শান্তি বজায় রাখতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান ওই স্বেচ্ছাসেবক।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট সেবা স্থগিত রাখতে টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।






