ঢাকা   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যন্তর মন্তরে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৯:২৬ পিএম

যন্তর মন্তরে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

শিক্ষার্থীদের চলমান আন্দোলন দিন দিন জোরদার হতে থাকায় ভারতের রাজধানী নয়াদিল্লির কেন্দ্রস্থলের বিভিন্ন এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষার্থীদের প্রতিবাদের মূল কেন্দ্রস্থল যন্তর মন্তর ও এর আশপাশের এলাকাগুলোতে এই সেবা বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। বিক্ষোভের মূল কেন্দ্র থেকে দুই কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত মান্ডি হাউস মেট্রো স্টেশন এলাকাতেও এর প্রভাব পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

টেলিকম শিল্পের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, শুরুতে বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট স্থগিতের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে এই নির্দেশের মেয়াদ বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিক থেকেই মধ্য দিল্লির বিভিন্ন অংশে মোবাইল ইন্টারনেট সংযোগ একেবারেই পাওয়া যাচ্ছিলো না বা অত্যন্ত ধীরগতিতে কাজ করছিল। সাধারণ যেসব মানুষ আন্দোলনে অংশ নেননি কিন্তু কাজের প্রয়োজনে ওই এলাকায় গেছেন, তারাও এই সিদ্ধান্তের কারণে চরম ভোগান্তিতে পড়েন। অন্যদিকে প্রতিবাদে অংশ নিতে আসা হাজার হাজার শিক্ষার্থী ফোন কল করা বা মেসেজ পাঠাতে ব্যর্থ হন।

মান্ডি হাউস এলাকায় সকালে এক এয়ারটেল গ্রাহকের কাছে আসা বার্তা পর্যালোচনা করে দেখা গেছে, তাতে লেখা ছিল: প্রিয় গ্রাহক, সরকারি নির্দেশনা অনুযায়ী আপনার এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। টিম এয়ারটেল।

উল্লেখ্য, মান্ডি হাউস এলাকাটি আন্দোলনের মূল কেন্দ্র নয়, সেখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও দফতর রয়েছে।

ভারতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়া রোধের অজুহাতে কর্তৃপক্ষ প্রায়ই নির্দিষ্ট এলাকাভিত্তিক ইন্টারনেট বন্ধের মতো পদক্ষেপ নিয়ে থাকে। তবে এই ধরনের সিদ্ধান্তের ফলে ডিজিটাল পেমেন্ট, অ্যাপভিত্তিক পরিবহন, যোগাযোগ এবং নিত্যপ্রয়োজনীয় অনলাইন সেবা ব্যাহত হয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন অচল হয়ে পড়ে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরেরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েন।

এলাকার হোটেলগুলো পার্কিং ফি বাবদ কেবল নগদ অর্থ গ্রহণ করছিল। এলাকার বেশ কয়েকজন দোকানদার অভিযোগ করেন যে তারা ইন্টারনেট না থাকায় ইউপিআই-এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট নিতে পারছেন না। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল বা মেসেজ দেওয়া যাচ্ছিল না এবং নেটওয়ার্ক জ্যামের কারণে সাধারণ ফোন কলেও বিঘ্ন ঘটছিল।

রাস্তার ধারের এক ক্ষুদ্র চা-বিক্রেতা তার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ব্যবসা একদম পড়ে গেছে। আজকাল মানুষ ছোটখাটো কেনাকাটার জন্য ইউপিআই-এর ওপর নির্ভর করে। কিন্তু ইন্টারনেট না থাকায় আমি কোনও ডিজিটাল পেমেন্ট নিতে পারছি না।

ইন্টারনেট বন্ধের এই নির্দেশটি গোপনে জারি করা হয়েছে এবং সরকার স্থগিতাদেশের সেই কপিটি প্রকাশ করেনি। ইন্টারনেট স্থগিতের কারণ, মেয়াদ এবং সুনির্দিষ্ট এলাকা সম্পর্কিত তথ্যের জন্য টেলিকম সংস্থা এয়ারটেল, রিল্যায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও টেলিযোগাযোগ বিভাগে যোগাযোগ করা হলেও তাদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ২০ জুলাই শিক্ষার্থীদের বিক্ষোভ যখন তীব্র রূপ নেয়, তখনও মধ্য দিল্লির কিছু অংশে একইভাবে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল। সেই আদেশের কপিটিও জনসম্মুখে প্রকাশ করা হয়নি।

গতবারের ইন্টারনেট স্থগিতের ঘটনা নিয়ে দিল্লিভিত্তিক ডিজিটাল অধিকার সংস্থা ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন বলেছিল, রাজধানীর বাসিন্দারা জানেনই না কোন কর্তৃপক্ষ এই নির্দেশ দিলো, কী কারণে দিলো, কোন কোন এলাকায় এটি প্রযোজ্য বা কত সময়ের জন্য এই সিদ্ধান্ত। একটি অপ্রকাশিত নির্দেশ মানেই জবাবদিহিহীন নির্দেশ।

সংস্থাটি আরও স্মরণ করিয়ে দেয় যে ২০২০ সালের সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে স্পষ্ট বলা হয়েছিল, টেলিযোগাযোগ সেবা বন্ধের প্রতিটি নির্দেশ অবশ্যই লিখিত কারণসহ জনসম্মুখে প্রকাশ করতে হবে। আদালত রায় দিয়েছিল, ইন্টারনেটের মাধ্যমে বাকস্বাধীনতা, মতপ্রকাশ এবং ব্যবসা-বাণিজ্য পরিচালনার স্বাধীনতা ভারতীয় সংবিধানের অধীনে সংরক্ষিত।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ নভেম্বর জারিকৃত টেলিকমিউনিকেশনস (টেম্পোরারি সাসপেনশন অব সার্ভিসেস) রুলস, ২০২৪ অনুযায়ী, কেবল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বা রাজ্য স্বরাষ্ট্র সচিব এবং অনভিপ্রেত পরিস্থিতিতে যুগ্ম সচিব পদমর্যাদার কম নন এমন কর্মকর্তা ইন্টারনেট স্থগিতের নির্দেশ দিতে পারেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন