নেপালে ধেয়ে আসা ভয়াবহ প্লাবনে কোন দেশের কতজন নিখোঁজ
আন্তর্জাতিক ডেস্ক : হিমালয়কন্যা নেপালে ধেয়ে আসা শতাব্দীর অন্যতম ভয়াবহ প্লাবনে স্থানীয়দের পাশাপাশি চরম বিপদে পড়েছেন বিশ্বখ্যাত মাউন্ট এভারেস্টসহ বিভিন্ন শৃঙ্গ জয় ও ট্র্যাকিংয়ে আসা শত শত পর্বতারোহী।
হঠাৎ উজান থেকে নেমে আসা ভয়াবহ ঢলে এ পর্যন্ত অন্তত ২৯১ জন বিদেশী পর্যটকসহ চার শতাধিক মানুষ নিখোঁজ হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
নেপাল ট্যুরিজম বোর্ড এবং সংশ্লিষ্ট বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিখোঁজদের একটি চিত্র নিচে তুলে ধরা হলো:
ভারত: নিখোঁজের তালিকায় সবচেয়ে বেশি সংখ্যা প্রতিবেশী ভারতের। ৩টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণরত ভারতের মোট ১৪২ জন নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
ইউক্রেন: নেপাল ট্যুরিস্ট পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনের ৫৩ জন নাগরিকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে
মালয়েশিয়া: রসুওয়া জেলায় ট্রেকিংয়ে গিয়ে ১৭ জন মালয়েশীয় পর্যটক পানির তোড়ে নিখোঁজ হয়েছেন।
যুক্তরাজ্য: ‘আলপাইন ইকো ট্রেকিং’ এজেন্সির মাধ্যমে ভ্রমণে আসা ১২ জন ব্রিটিশ নাগরিক নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ কোরিয়া: রসুওয়া জেলায় ক্ষতিগ্রস্ত একটি জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৮ জন দক্ষিণ কোরীয় প্রকৌশলী ও শ্রমিক নিখোঁজ আছেন।
দক্ষিণ আফ্রিকা: ব্রিটেনের ট্রাভেল টিমের সঙ্গেই সফররত দক্ষিণ আফ্রিকার ৪ জন পর্যটক নিখোঁজ।
যুক্তরাষ্ট্র: ‘ফিশটেইল ট্যুরস’-এর মাধ্যমে নেপাল ভ্রমণরত ৩ জন মার্কিন নাগরিকের খোঁজ মিলছে না।
নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া ও পর্তুগাল: এই তিন দেশের যথাক্রমে ১ জন করে মোট ৩ জন নাগরিক নিখোঁজ রয়েছেন।
ইতালি: ভূখণ্ডের বিচ্ছিন্ন এলাকায় ২ জন ইতালীয় নাগরিক তাদের গাইডসহ আটকা পড়ে আছেন, তবে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
অন্যান্য: বিভিন্ন ট্যুর এজেন্সির আওতায় থাকা আরও অন্তত ১১১ জন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না, যাদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নেপাল: বিদেশী পর্যটকদের সহায়তায় থাকা গাইড ও স্থানীয় নেপালী নাগরিকদের মধ্যে অন্তত ৯৩ জন নিখোঁজ রয়েছেন।
দুর্গত এলাকায় কাদা ও পানির কারণে যোগাযোগব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার ও তাদের সঠিক পরিচয় নিশ্চিত করতে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হচ্ছে।






