জানেন বিশ্বে সবচেয়ে বেশি বেতন পান কোন দেশের প্রধানমন্ত্রী?
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের বেতন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, তার বার্ষিক বেতন ২২ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার থেকে বেড়ে ৩৬ লাখ ডলার হবে। অর্থাৎ প্রায় ১৪ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার বা ১০ লাখ মার্কিন ডলার বাড়ছে তার বেতন। খবর এনডিটিভির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পার্লামেন্টে বেতন পুনর্নির্ধারণের ঘোষণা দেন লরেন্স ওং। সিঙ্গাপুর সরকার দীর্ঘদিন ধরে দেশটির রাজনৈতিক নেতাদের উচ্চ বেতনের পক্ষে যুক্তি দিয়ে আসছে। সরকারের দাবি, প্রতিযোগিতামূলক বেতন মেধাবী ব্যক্তিদের রাজনীতিতে আকৃষ্ট করে এবং ভালো শাসন নিশ্চিত করতে সহায়তা করে।
তবে বিষয়টি দেশটিতে রাজনৈতিকভাবে স্পর্শকাতর। কারণ সাধারণ নাগরিকদের আয়ের তুলনায় মন্ত্রী ও শীর্ষ রাজনৈতিক নেতাদের বেতন অনেক বেশি।
নতুন কাঠামো অনুযায়ী, সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রীর বার্ষিক বেতন ১৮ লাখ ৭০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার থেকে বেড়ে ৩০ লাখ ৬০ হাজার ডলার হবে। টাকার হিসেবে এর পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।
মন্ত্রীরা দায়িত্ব ও পদমর্যাদা অনুযায়ী বছরে ১৮ লাখ থেকে ২৮ লাখ ৮০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার পর্যন্ত বেতন পাবেন।
লরেন্স ওং বলেন, প্রধানমন্ত্রী হিসেবে নিজের মেয়াদে বেতন বৃদ্ধির পুরো অতিরিক্ত অর্থ তিনি উপযুক্ত জনকল্যাণমূলক কাজে দান করবেন।
তিনি বলেন, রাজনৈতিক নেতাদের বেতন একটি কঠিন ও আবেগপূর্ণ বিষয়। অধিকাংশ নাগরিকের আয়ের তুলনায় এই অর্থ অনেক বেশি হওয়ায় জনগণের এ নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে।
তবে ওংয়ের মতে, শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করছে সিঙ্গাপুরের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় মানের রাজনৈতিক নেতৃত্ব ধরে রাখা যাবে কি না, তার ওপর।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি প্রায় ১৫ বছর পর মন্ত্রী ও রাজনৈতিক নেতাদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনছে। প্রধানমন্ত্রী বলেন, একটি স্বাধীন কমিটির সুপারিশের ভিত্তিতেই এই বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।
তবে বর্তমান মন্ত্রীরা সরাসরি নতুন বেঞ্চমার্ক বেতনে যাবেন না। আগামী ১৫ অক্টোবর থেকে ব্যক্তিগত পরিস্থিতি ও কর্মদক্ষতার ভিত্তিতে তারা এককালীন সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত বেতন সমন্বয় পাবেন।
পরবর্তী সময়ে বেতন পরিবর্তনের ক্ষেত্রেও দায়িত্বের পরিমাণ ও ব্যক্তিগত কর্মদক্ষতাকে বিবেচনায় নেওয়া হবে বলে জানান ওং।
সিঙ্গাপুরের ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি দীর্ঘদিন ধরে দেশটির রাজনীতিতে প্রভাবশালী। উচ্চ বেতন নিয়ে বিতর্ক থাকলেও দেশটি নিয়মিতভাবে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় স্থান পায়। সূত্র : এনডিটিভি






