বিয়ের জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি, অনুষ্ঠান শেষে কারাগারে
এমটিনিউজ২৪ ডেস্ক : হরিয়ানার ঝাজ্জার জেলার একটি খামারবাড়িতে বৃহস্পতিবার দুপুরে ৫০০ অতিথির জন্য খাবারের আয়োজন ছিল। এরপর চলে বিয়ের আনুষ্ঠানিকতা। তবে অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরেননি বর। বিয়ের জন্য পাওয়া ১২ ঘণ্টার প্যারোল শেষ হওয়ায় রাত আটটায় তাকে ফিরে যেতে হয় কারাগারে।
বর মাইনপাল ধিল্লা, যিনি মাইনপাল বদলি নামেও পরিচিত, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তার কনে কম্বোডিয়ার নাগরিক মেটা চানমিয়া। তাদের পরিচয় ২০১৮ সালে কম্বোডিয়ায় হয়েছিল বলে ধারণা করা হয়। এরপর তারা সম্পর্কে জড়ান; তাদের তিন সন্তান রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত তারা কম্বোডিয়ার সিয়েম রিপে একসঙ্গে বসবাস করেন।
ঝাজ্জারের পুলিশ সুপার সিমারদীপ সিং জানান, অনুষ্ঠানস্থলের চারপাশে পুলিশ মোতায়েন ছিল। প্রবেশকারীদের তল্লাশি করা হয় এবং অতিথি ও স্বজনদের চলাফেরায় নজর রাখা হয়। নিরাপত্তার কারণে সংবাদমাধ্যমকে ভেতরে যেতে দেওয়া হয়নি।
ঝাজ্জারের বদলি গ্রামের বাসিন্দা ধিল্লা ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ২০১৩ সালের এপ্রিলে যাবজ্জীবন সাজা পান। কর্মকর্তাদের মতে, আরও দুটি মামলায় তার সাজা হয়েছে।
২০১৮ সালের জুলাইয়ে হিসার কেন্দ্রীয় কারাগার থেকে ছয় সপ্তাহের প্যারোল পেয়ে আর ফেরেননি ধিল্লা। কর্মকর্তাদের দাবি, ওই বছরের আগস্টে ভুয়া পরিচয়ে দেশ ছাড়েন তিনি। পরে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়। কম্বোডিয়ার কর্তৃপক্ষ ২০২৫ সালের জুলাইয়ে তাকে গ্রেপ্তার করে; সেপ্টেম্বরে ভারতে ফেরানোর পর তিনি আবার কারাবন্দি হন। আগেরবার প্যারোলে পালিয়ে যাওয়ায় এবারের অনুমতিতে কঠোর শর্ত ছিল। সূত্র: হিন্দুস্তান টাইমস






