রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। এতে গুরুতর আহত হয়ে জাহাঙ্গীর আলম (৪৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বিস্ফোরকটি জাহাঙ্গীরের মাথার ওপর পড়ে সেখানেই বিস্ফোরিত হয়েছে বলে দাবি করেছেন তাঁর বড় ভাই।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটেছে।
আহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, তাঁদের বাসা রাজধানীর লালবাগ আজিমপুর সমাজকল্যাণ গলিতে। তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মালির কাজ করেন। পাশাপাশি কবি নজরুল কলেজেও খণ্ডকালীন মালির কাজ করেন।
আলমগীর হোসেন বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে কাজ শেষ করে কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সাথে কথা বলছিল জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর দিক থেকে একটা ককটেল এসে জাহাঙ্গীরের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। ওর মাথা আর চোখে গুরুতর জখম হয়েছে।’
তবে কে বা কারা এবং কোথা থেকে এটি নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি তারা।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ককটেলের আঘাতে আহত ওই ব্যক্তির মাথায় ও বাম চোখে আঘাত লেগেছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।





