আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ধারাবাহিকভাবে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপে ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে। প্রথম দিনের সংলাপে বিএনপি, জামায়াতসহ ১৯টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানাতে পারে।
আজ মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে এ এ তথ্য জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৯টি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না।
২৯ নভেম্বর
এদিন বিএনপি, জামায়াতসহ ১৯ রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানানো হবে। প্রথম দিনের আমন্ত্রণের তালিকায় রাখা হয়েছে জাতীয় পার্টির নামও। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে হওয়া সংলাপে দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি।
বাকি দলগুলো—লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এল. ডি. পি, জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম।
৩০ নভেম্বর
৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে। অন্য দলগুলো হলো— গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ কংগ্রেস ও তৃণমূল বিএনপি।
১ ডিসেম্বর
এনসিপিসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হতে পারে। বাকি দলগুলো—গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পাটি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি), বাংলাদেশ নেজামে ইসলাম পাটি।
জানতে চাইলে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি আজকের পত্রিকাকে, ‘এখনো আমরা সংলাপে আমন্ত্রণ পাইনি। জাতীয় নির্বাচনের আগে হওয়া সংলাপে তারা আমাদের আমন্ত্রণ জানায়নি।’
আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করবেন। গত ১২ অক্টোবর কমিশন সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি নির্বাচনের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনায় বসা হবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাঁদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন।
এবার নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯ টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪ টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
এদিকে হালনাগাদের পর ভোটার তালিকা আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত করা হবে। যাঁরা চূড়ান্ত ভোটার তালিকায় থাকবেন, তাঁরাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।





