ঢাকা   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ৫১ হাজার ৬৮৩ টাকায় (১ হাজার ৭০০ রিঙ্গিত মালয়েশীয় মুদ্রা) মূল বেতনে চাকরি করবেন তাঁরা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগ পাওয়া এসব কর্মীর আবাসন ও চিকিৎসার ব্যবস্থাও করবে নিয়োগকর্তা।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে তাঁদের মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। এর আগে বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে কর্মী পাঠানোর এই কার্যক্রম শুরু হচ্ছে।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, এই কর্মসূচিতে কর্মীদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বিমা, যাতায়াত, আবাসনসহ বাংলাদেশ অংশের জনপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় বহন করা হচ্ছে। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের সম্পূর্ণ খরচ দিচ্ছে নিয়োগকর্তা।

সংস্থাটির হিসাবে, প্রচলিত ব্যবস্থায় জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা অভিবাসন ব্যয় হতে পারে। সেই হিসাবে ১১২ কর্মীর মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

কর্মী বাছাইয়ে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সুযোগ রাখা হয়নি বলে জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির ভাষ্য, অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জনের মধ্য থেকে গণমাধ্যমের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে প্রথমে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হয়েছে।

বোয়েসেল আরও জানায়, মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়া গেছে। এর মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন, টপ গ্লোভে ৩৭৯ জন, তাতাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্ল্যান্টেশনে ৫২৫ জন কর্মী নেওয়া হবে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, সরকারি এই কর্মসূচিতে কর্মীদের কাউকে কোনো টাকা দিতে হয় না। বোয়েসেলের নামে কেউ অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচিত হবে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি শুধু বোয়েসেলের ওয়েবসাইট ও অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন