ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পিএম

বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না। ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবারও গড়ে তুলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।

আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর গ্রামে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ ও তর্ক-বিতর্ক থাকতেই পারে। তবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে অতীতে যেভাবে গণতান্ত্রিক ঐক্য গড়ে উঠেছিল, সেভাবেই আবারও সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যের মাধ্যমে দেশে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি শান্তিশৃঙ্খলা ও উন্নয়ন নিশ্চিত করা হবে।

সীমান্তের ওপার থেকে দেশে অস্থিরতা সৃষ্টি ও অগ্নি সন্ত্রাসের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব পরিস্থিতি আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হবে।

শিল্পাঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি নির্ধারণের পরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিওর মাধ্যমে তাঁদের উসকানি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

খতমে নবুয়ত সম্মেলনের দাবির বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে আলেম-ওলামাদের পক্ষ থেকে আগে যেসব দাবি জানানো হয়েছিল, সেগুলো এখনো রয়েছে। এসব দাবি আইনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে। যেসব দাবি বাস্তবায়ন করা সম্ভব, তা সবাইকে সঙ্গে নিয়েই করা হবে।

বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর দেশে আলেম ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী শাসন চলেছে। বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে মুসল্লি, শিক্ষার্থী ও আলেম নিহতের প্রকৃত সংখ্যা এখনো নিরূপণ করা যায়নি। অনেককে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগেও নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পরামর্শের ভিত্তিতে নিয়মিত মামলা করা হয়েছে। এসব মামলার তদন্তপ্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। যথাসময়ে এসব মামলার বিচার হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্যর্থনা জানান মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দ নুর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

তিন দিনব্যাপী এ বার্ষিক আয়োজনে কয়েক হাজার ওলামা-কেরাম অংশ নেন। আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবারের মাহফিলে ছিল উপচে পড়া ভিড়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন