দীর্ঘ প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ও পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার প্ল্যাটফর্ম 'ফরেন অফিস কনসালটেশন' (এফওসি)-এ বসেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয় এই গুরুত্বপূর্ণ বৈঠক।
বাংলাদেশের পক্ষ থেকে এ বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। অপরদিকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এটি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ষষ্ঠ এফওসি বৈঠক।
বৈঠকে বাংলাদেশ বিভিন্ন অমীমাংসিত বিষয় তুলে ধরবে বলে সূত্র জানিয়েছে। পাশাপাশি দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার নতুন দিক খোঁজার বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এফওসি বৈঠকে আরও উপস্থিত আছেন পাকিস্তানের দক্ষিণ এশিয়া ও সার্ক বিষয়ক মহাপরিচালক ইলিয়াস মেহমুদ নিজামী, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এবং দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইসরাত জাহান।
এছাড়াও বৈঠকে অংশ নিচ্ছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দা ফারহানা নুর চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।
বৈঠক শেষে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন।





