শহীদ শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। রোববার দুপুরে রাজধানীর কাওরান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ কে এম শহিদুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডে ব্যবহৃত দু’টি পিস্তল উদ্ধার করি। একইসঙ্গে আমিউনিশন ম্যাগজিনও উদ্ধার করি। এই ঘটনার মূল আসামি ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবো।’
‘ইনশাল্লাহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো বলে আশাবাদী’- উল্লেখ করেন তিনি।
র্যাবের মহাপরিচালক বলেন, ‘গত ১২ ডিসেম্বর শহীদ শরিফ ওসমান হাদি সন্ত্রাসীদের বুলেটে আঘাত প্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। ঘটনার পর আমাদের সর্বোচ্চ এবং যতপ্রকার শক্তি আছে সব নিয়োগ করে, দিনরাত ২৪ ঘণ্টা এটা নিয়ে কাজ করি। ১২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে ৮জন আসামি গ্রেপ্তার করি।’
বার্তা বাজার/এমএমএইচ





