কক্সবাজারের কুতুবদিয়ার কুতুব শরীফ দরবারের বার্ষিক ওরস আয়োজনে অনুমতি দিল নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে নির্দেশনা মোতাবেক রিটার্নিং কর্মকর্তাকে প্রযোজনীয় ব্যবস্থা নিতে বলল সংস্থাটি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
এতে উল্লেখ করা হয়, কুতুব শরীফ দরবার থেকে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি কক্সবাজার জেলাধীন কুতুবদিয়া উপজেলার কুতুব শরীফ দরবারে সম্রাট আউলিয়া, মুহিউদ্দিন আজমী, গাউছে মুখতার, হজ মালেক আল কুতুবী (রা.)-এর ২০তম বার্ষিক ওরস ও ফাতিহা শরীফ অনুষ্ঠানের অনুমতি দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছে।
এ অবস্থায় ১৪ ডিসেম্বরের নির্দেশনা অনুসারে কুতুব শরীফ দরবার হতে দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।
রিটার্নিং কর্মকর্তাদের ১৪ ডিসেম্বরের নির্দেশনায় বলা হয়েছিল- প্রচারের সময়সীমার বাইরে, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত না করে তথা নির্বাচনী পরিবেশ এবং উল্লিখিত আচরণ বিধির শর্তাদি প্রতিপালনপূর্বক জাতীয়, আন্তর্জাতিক দিবস উদযাপন এবং ধর্মীয়, সামাজিক ও এহেন অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে।
গত ২৯ ডিসেম্বর ইসি সচিবের কাছে লেখা দরবার শরীফের আবেদনেও বলা হয়েছে, ওরসে রাজনৈতিক ব্যক্তির সমাগম বা রাজনৈতিক আলাপ-আলোচনার কোনো সুযোগ নেই। ইসির নির্দেশনা মোতাবেক অনুষ্ঠান আয়োজনে তারা অঙ্গীকারাবদ্ধ।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।





