বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে দায়িত্ব প্রদানের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমেছে নগরবাসী। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে রাজধানীর গুলিস্তানে নগরভবনের সামনে বিপুলসংখ্যক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন, ফলে মাজার গেট থেকে বঙ্গবাজারমুখী সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
সকাল ৯টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন নগর ভবনের মূল ফটকের সামনে। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান, যেমন: “তালবাহানা চলবে না”, “ইশরাক ভাই জনতার মেয়র”, “রায় দিয়েছে আদালত, বাধা দেওয়ার অধিকার কারও নেই”, “আমাদের মেয়র আমরাই ঠিক করব” প্রভৃতি।
প্রথমে মূল ফটকের বাইরে অবস্থান করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলনকারীরা ভবনের ভেতরেও প্রবেশ করেন। সকাল ১১টার পর থেকে নগর ভবনের নিচ তলায় একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে আন্দোলন চালিয়ে যান তারা। বিভিন্ন ওয়ার্ড থেকে সমর্থকেরা দলে দলে স্লোগান দিতে দিতে যোগ দেন এই কর্মসূচিতে।
আন্দোলনকারীরা জানান, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও এখন পর্যন্ত ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা দাবি করেন, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ইশরাক বৈধ মেয়র — আর তাই তাকে শপথ করানো বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিক্ষোভকারীরা সতর্ক করে বলেন, “যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হবে, ততক্ষণ আন্দোলন চলবে। প্রয়োজন হলে কঠোর কর্মসূচির দিকেও যেতে বাধ্য হবো।”
এ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ডিএসসিসির সাধারণ কর্মচারীরাও সব দপ্তরের কার্যক্রম বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে যোগ দেন। সকাল থেকেই নগর ভবনের সব গেটে তালা ঝুলিয়ে তারা আন্দোলনে অংশ নেন। ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও এসে এই কর্মসূচিকে একাত্মতা জানান।





