ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হত্যার হুমকির চিঠি আখতার হোসেনের নামে, মুখ খুললেন এনসিপি নেত্রী তাসনিম জারা

Authorরেডিও বার্তা ডেস্ক

আপডেট: ১৮ মে ২০২৫, ১১:০৫ এএম

হত্যার হুমকির চিঠি আখতার হোসেনের নামে, মুখ খুললেন এনসিপি নেত্রী তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে এক অজ্ঞাত দুর্বৃত্ত। চিঠির মাধ্যমে পাঠানো এই হুমকি প্রকাশ্যে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর এবার মুখ খুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা

শনিবার (১৭ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আখতার হোসেনের একটি স্ট্যাটাস শেয়ার করে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

ফেসবুক পোস্টে তাসনিম জারা যা বললেন

তাসনিম জারা লেখেন,

“আখতারের নামে হত্যার হুমকি এসেছে। পার্টি গঠনের পর থেকেই গুজব, চোখ রাঙানি, চরিত্রহননের চেষ্টা একটার পর একটা চলছে। এসব দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, আমাদের উপস্থিতি কতটা অস্বস্তিকর হয়ে উঠেছে তাদের জন্য যারা পরিবর্তন চায় না এবং পুরনো শোষণমূলক ব্যবস্থাকে আঁকড়ে ধরে রাখতে চায়।”

ডাকযোগে পাঠানো হুমকি চিঠি

এর আগে, একইদিন আখতার হোসেন নিজের ফেসবুক স্ট্যাটাসে জানান, ডাকযোগে তার গ্রামের বাড়িতে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাকে এবং তার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ছিল ‘বুলেট’

তিনি লেখেন,

“চিঠিটা গতকাল ডাকপিওনের মাধ্যমে আমার বড় ভাইয়ের হাতে পৌঁছায়। তাতে লেখা ছিল—যেখানেই পাওয়া যাবে, খুন করা হবে। পরিবারকে ঝামেলায় ফেলা হবে। এরপর থেকে পরিবারের সদস্যরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে।”

তিনি আরও লেখেন,

“মরতে হতে পারে জেনেও আমি কখনো প্রতিবাদ থেকে সরে আসিনি, হবও না। বোনাস লাইফ কাটাচ্ছি—মৃত্যু কয়েকবার এসে ফিরে গেছে। আল্লাহ ভরসা।”

থানায় সাধারণ ডায়েরি, নিরাপত্তা জোরদার

আখতার হোসেন গণমাধ্যমকে জানান, “আমি যাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, তারাই হয়তো এই চিঠি পাঠাতে পারে বলে প্রাথমিক ধারণা করছি। আমি চিন্তিত নই, তবে আমার পরিবার উদ্বিগ্ন, কারণ তারা রাজনীতি বোঝে না।”

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, “হুমকির বিষয়টি জানার পর আখতার হোসেনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। এ বিষয়ে তার বড় ভাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছেন।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!