নতুন করে গত মার্চ মাসে ২ হাজার ৫৩৩ জন রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থাটি জানায়, ২০২৪ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নতুন আগত নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৯৮৯ জন। এর মধ্যে ২ হাজার ৫৩৩ জন গত মার্চ মাসে নতুন আগত হিসেবে নিবন্ধিত হয়েছেন।
গত ফেব্রুয়ারিতে নতুন নিবন্ধিত এই মোট সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জন।
সোমবার (১৩ এপ্রিল) মাসিক প্রতিবেদনে এই তথ্য জানায় ইউএনএইচসিআর। এছাড়া ক্যাম্পগুলোতে মোট ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন রোহিঙ্গা চিহ্নিত করা গেছে।
ইউএনএইচসিআর জানায়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে লক্ষ্যযুক্ত সহিংসতা এবং নির্যাতনের কারণে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, যার ফলে রোহিঙ্গারা বাংলাদেশে নিরাপত্তা খুঁজছে। গত ৩১ মার্চ পর্যন্ত ইউএনএইচসিআর ১০ লাখ ৪২ হাজার ২২৪ জন রোহিঙ্গার নিবন্ধন করেছে, যারা ১৯৯০ এবং ২০১৭ সাল থেকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ৩৯ হাজার ৫৯০ জন ১৯৯০ সালের পর এসেছেন এবং ১০ লাখ ২ হাজার ৬৩৪ জন ২০১৭ সালের পর এসেছেন।
প্রতিবেদন বলছে, রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ২০২৪ সাল থেকে নতুন শরণার্থীরা বাংলাদেশে নিরাপত্তার সন্ধান অব্যাহত রেখেছে। ফলস্বরূপ, ২০২৪ সালের শেষের দিকে ক্যাম্পগুলোতে নতুন আগতদের একটি ঢেউ চিহ্নিত করা হয়েছিল এবং তাদের বায়োমেট্রিক শনাক্তকরণ চলছে।






