নীতিমালা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের হিসাব-নিকাশ শুধু কাগজে কলমে সীমাবদ্ধ রাখার পরিবর্তে জনগণের স্বার্থ বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার রাজধানীর একটি হোটেলে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘উন্নয়নমূলক প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. সালেহউদ্দিন জানান, অতীতে প্রায়ই অপ্রয়োজনীয় ও অতিরিক্ত ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হতো, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করেছিল। তিনি জোর দিয়ে বলেন, মানুষের প্রকৃত প্রয়োজন ও দেশের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে এমন প্রকল্প গ্রহণ করতে হবে যা বাস্তবসম্মত ও ফলপ্রসূ।
তিনি আরও বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নীতি-নৈতিকতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনেক সময় অযোগ্য প্রতিষ্ঠানগুলো কাজ পেয়ে থাকে, যার কারণে কাঙ্ক্ষিত সাফল্য আসেনা।
স্বচ্ছ অডিটের প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কেবল সংখ্যাগত ভিত্তিতে নয়, সম্ভাব্যতা যাচাই করেও সিদ্ধান্ত নিতে হবে। তবেই প্রকল্প থেকে আশানুরূপ ফল পাওয়া সম্ভব হবে।





