পাঁচ দশক আগে যশোরের শার্শা উপজেলার উলশী খাল (জিয়া খাল নামে পরিচিত) খনন কর্মসূচি শুরু করেছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। সময়ের পরিক্রমায় এখন দেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তারই বড় ছেলে তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে সেই একই খাল পুনঃখনন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সদ্য উদ্বোধন করা নামফলকটিতে লেখা রয়েছে, ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন জনাব তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।’
অন্যদিকে, পাঁচ দশক আগে বাবার উদ্বোধন করা নামফলকে লেখা রয়েছে, ‘উলসী-যদুনাথপুর বেতনা নদীর সংযোগ প্রকল্প। দেশব্যাপী স্বেচ্ছাশ্রম ভিত্তিক গণউপযোগ অনুগামী প্রকল্প বাস্তবায়নে সামাজিক আন্দোলনের প্রথম পদক্ষেপ হিসাবে উদ্বোধন করেন মেজর জেনারেল জিয়াউর রহমান। ১ নভেম্বর ১৯৭৬।’
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যতবারই সরকার গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, ততবারই নানা ষড়যন্ত্র হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে অর্থনীতির ওপর চাপ পড়লেও, পর্যায়ক্রমে সরকার সব প্রতিশ্রুতি পূরণ করবে।
বিগত সরকারের সময় মেগা প্রজেক্ট ছিল মেগা দুর্নীতির কারখানা। সরকারের ২-৪ মাসে বন্ধ থাকা অনেক কলকারখানা চালু হয়েছে। পর্যায়ক্রমে বন্ধ থাকা সব কারখানা চালু হলে বহু শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে।
এছাড়াও বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা করবে সরকার। একইসঙ্গে, নারীদের জন্য এলপিজি কার্ড চালুর কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এতে করে মা-বোনদের রান্নায় কোনো সমস্যা হবে না।
বার্তা বাজার/এমএমএইচ






