ঢাকা   শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও দ্বিতীয় যমুনা সেতু আনবো: বিমান প্রতিমন্ত্রী মিল্লাত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৭:১৩ পিএম

প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও দ্বিতীয় যমুনা সেতু আনবো: বিমান প্রতিমন্ত্রী মিল্লাত

এলাকার উন্নয়নে জনগণকে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে দ্বিতীয় যমুনা সেতু আনবো। ইনশাআল্লাহ এ স্বপ্ন বাস্তবায়ন করবো।

শনিবার (১৬ মে) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী ও চর ডাকাতিয়া এলাকার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীর ওপর সেতু নির্মাণ করতে চাই। এটা শুধু একটি সেতু নয়, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এ সেতু হলে যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতি আসবে।

সেতু নির্মাণ নিয়ে নানা আলোচনা চলছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, এটা নিয়ে টানাটানি চলছে। অনেকে চাইছে সেতুটি অন্য রুটে যাক। কেউ মাদারগঞ্জ হয়ে নেওয়ারও চেষ্টা করছে; মাদারগঞ্জ হয়ে গেলে একটু শর্ট (কম) হয়। আমার এদিকে গেলে পথ কিছুটা বেশি হয়। কিন্তু আমরা প্রাইম মিনিস্টারের হাত-পা ধরে হলেও এটা এখানে নিয়ে আসবো।

এসময় তিনি স্থানীয়দের কাছে দোয়া কামনা করে বলেন, আপনারা দোয়া করবেন। যারা নামাজ পড়েন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, মা-বোনরা আছেন সবাই দোয়া করবেন। দোয়া অনেক বড় শক্তি। আল্লাহর রহমতে আমরা এলাকার উন্নয়নে বড় বড় কাজ করতে পারবো।

এছাড়া বালাসী থেকে রাজিবপুর পর্যন্ত সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন- এখান থেকে রাজিবপুর পর্যন্ত যাতে বড় দুই লেনের রাস্তা হয় এবং মানুষ ঠিকমতো চলাচল করতে পারে, সেই কাজও করা হবে ইনশাআল্লাহ। আমার ওপর ভরসা রাখেন। আল্লাহর ওপর আস্থা রেখে আমার ওপরও আস্থা রাখেন। আমি প্রত্যেকটি কাজ খুঁজে খুঁজে করার চেষ্টা করছি। দেশে-বিদেশে অনেক দায়িত্ব পালন করতে হয়, তারপরও এলাকার উন্নয়ন নিয়েই ভাবছি।

অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!