দেশব্যাপী চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ১১তম সভা শেষে রোববার (১৩ জুলাই) তিনি সাংবাদিকদের জানান, দেশের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এখন থেকেই এই বিশেষ অভিযান শুরু হচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খুন, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মাদক চোরাচালান, চাঁদাবাজি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে দেশের সাম্প্রতিক পরিস্থিতির আলোকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।
তিনি বলেন, “সরকার কোনোভাবেই জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ড বরদাশত করবে না। প্রয়োজন অনুযায়ী দেশজুড়ে চিরুনি অভিযান চালানো হবে এবং সেটি আজ থেকেই শুরু হয়েছে।”
সম্প্রতি মিটফোর্ডে ঘটে যাওয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “এই ধরনের ঘটনা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” তিনি আরও জানান, যেসব হত্যাকাণ্ড সম্প্রতি আলোচনায় এসেছে, সেগুলোর প্রত্যেকটির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং তাৎক্ষণিক অ্যাকশনে যাচ্ছে।
এদিকে, সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যা আগামী দুই মাস কার্যকর থাকবে।






