তাবলিগ জামায়াতের দীর্ঘদিনের বিভাজন অবসানে সক্রিয় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। চলমান উত্তেজনা নিরসনে গঠন করা হচ্ছে একটি ৭ সদস্যের সমন্বয় কমিটি—যার নেতৃত্বে থাকবেন ধর্ম মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। কমিটিতে তাবলিগের উভয় পক্ষ থেকেই দুইজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
বুধবার (৩০ জুলাই) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ধর্ম উপদেষ্টা বলেন, “বিশ্ব ইজতেমা সামনে রেখে আমরা চাই, তাবলিগের দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। সে লক্ষ্যে দুই পক্ষের নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক হয়েছে। যেখানে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে।”
তিনি জানান, কমিটি খুব দ্রুত গঠন করা হবে এবং যেকোনো দ্বন্দ্ব বা মতবিরোধ মীমাংসায় এটি কাজ করবে।
এদিকে মাওলানা সাদ অনুসারী ও জুবায়ের অনুসারী গ্রুপের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং ধর্ম উপদেষ্টা নিজে।
বৈঠকে সাদ অনুসারীরা অভিযোগ করেন, তাদের কাকরাইল মসজিদ থেকে বলপ্রয়োগে বের করে দেওয়া হয়েছে। তারা বলেন, “মসজিদ আল্লাহর ঘর, সেখানে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে চাই।”
সরকারের এই উদ্যোগের লক্ষ্য, উভয় গ্রুপের মধ্যে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা প্রশমিত করে ভবিষ্যতে যেন দ্বন্দ্ব ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করা।






