জাতীয় সংসদ নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে, জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংস্কার ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, “ভোটাধিকার এখন নিশ্চিত করার সময় এসেছে। ১৮ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি—এই দুঃখ এবার ঘুচবে।”
“সবাই ভোট দিতে পারবেন”
উপদেষ্টার কাছে একজন সাংবাদিক জানতে চান, “গত কয়েকটি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি, এবার কি পারব?” জবাবে তিনি বলেন,
“অবশ্যই পারবেন। এবার সবার জন্য ভোটাধিকার নিশ্চিত করা হবে।”
আরও বলেন, “আমাদের এমন কোনো উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি যেন সবার অংশগ্রহণে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।”
“২০০৮-এর নির্বাচনেও প্রশ্ন তোলা যায়”
২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে আসিফ নজরুল বলেন,
“অনেকে বলে থাকেন ওই নির্বাচন ছিল প্রশ্নবিহীন, কিন্তু আমি তা মানি না। ২০০৮ সালের নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা অনুসন্ধান করলে অনেক ভয়াবহ তথ্য পেতে পারেন ২০০৮-এর নির্বাচনের প্রসঙ্গে।”
“আমাদের লক্ষ্য ইতিহাসের সেরা নির্বাচন”
আসন্ন নির্বাচনের প্রস্তুতি ও গ্রহণযোগ্যতা প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন,
“নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। তবে সরকারের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন হবে।”
তিনি জানান, প্রধান উপদেষ্টা নিয়মিতই সবার কাছে এই বার্তা তুলে ধরছেন—“বেস্ট ইলেকশন দিতে হবে”। আর সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার।






