বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে এক নতুন, ব্যতিক্রমধর্মী চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানান, এই প্রস্তাবিত চুক্তির ধরন এমন, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও এখনো হয়নি। ফলে চুক্তি বাস্তবায়িত হলে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ-সুবিধার দ্বার খুলে যেতে পারে।
শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রবাসে যাওয়ার আগ্রহীদের উদ্দেশে সতর্কতা জানিয়ে তিনি বলেন, “বিদেশে যাওয়ার আগে ভালোভাবে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। না বুঝে ঝুঁকিপূর্ণ পথে পা না দিয়ে চাইলে দেশের মাটিতে ব্যবসার মতো নিরাপদ পথে এগোনো সম্ভব।” তিনি আরও বলেন, “প্রবাসীরা দেশের প্রতিনিধিত্ব করেন। তাই এমন কোনো আচরণ করা যাবে না, যা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করতে পারে।”
ড. আসিফ নজরুল জানান, বিদায়ী সরকার প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে একটি প্রবাসী হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে।
রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “জুলাই আন্দোলনের সময় দেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে প্রবাসীরা নিজের জীবনের ঝুঁকি নিয়েও পাশে ছিলেন।”
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ে রেকর্ড হয়েছে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮০ শতাংশ বেশি। সে বছর এই অংক ছিল ২৩ হাজার ৯১২ মিলিয়ন ডলার।
এমন প্রবৃদ্ধির ফলে বাংলাদেশ ২০২৪ সালে বৈশ্বিক রেমিট্যান্স গ্রহণকারী দেশগুলোর মধ্যে সপ্তম অবস্থানে উঠে এসেছে। সংশ্লিষ্ট মহলের মতে, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠানোর হার বাড়িয়ে দিয়েছেন।






