নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. মোহাম্মদ ইউনূস
এমটিনিউজ২৪ ডেস্ক : ইউনূস সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত ১৬তম ‘সোশ্যাল বিজনেস ডে’ আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সাভারে আয়োজিত দুই দিনব্যাপী এ সম্মেলনে তার উপস্থিতি এবং তাকে পরিচয় করিয়ে দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন-‘তিনি ব্যক্তি নন, একটি ইতিহাস’।
রোববার (২৮ জুন) সম্মেলনের সমাপনী দিনে নাহিদ ইসলাম অনুষ্ঠানে যোগ দেন। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন ইউনূস সেন্টারের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। এবারের সম্মেলনে বিশ্বের ৩৭টি দেশ থেকে ২১৯ জন প্রতিনিধি অংশ নেন।
নাহিদ ইসলামকে পরিচয় করিয়ে দিতে গিয়ে ড. ইউনূস বলেন, ‘আমাদের সঙ্গে আজ এখানে আছেন নাহিদ ইসলাম। সে কোনো ব্যক্তি নয়, একটি ইতিহাস। বিশ্ববিদ্যালয় শেষ করা এক ছাত্র একটি সরকারের পতন ঘটিয়েছে। সেনাবাহিনী, পুলিশ বা আধাসামরিক বাহিনী সরকারকে টিকিয়ে রাখতে পারেনি। সে সময় ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। সেই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম।’
সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ড. ইউনূসের ক্ষুদ্রঋণ কার্যক্রম ও সামাজিক ব্যবসার ধারণা বিশ্বজুড়ে পরিচিত। তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের সংকটময় সময়ে নেতৃত্ব গ্রহণে ড. ইউনূস সম্মত হন এবং আন্দোলনে অংশ নেওয়া তরুণদের অনুপ্রাণিত ও দিকনির্দেশনা দিয়েছেন।
বক্তব্যের শেষদিকে ড. ইউনূস বলেন, সরকার গঠনের সময় নাহিদ ইসলাম সেই সরকারের অংশ ছিলেন। পরে তিনি পদত্যাগ করে রাজনীতিতে যোগ দেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেন। তিনি উল্লেখ করেন, সর্বশেষ নির্বাচনে দলটি ছয়টি আসনে জয়লাভ করেছে এবং তাদের দল সংরক্ষিত আসনে দুজন নারীও রয়েছেন।






