স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক ডায়াবেটিস প্রতিরোধ শীর্ষ সম্মেলনে আজ বৃহস্পতিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. এম এ মুহিত বলেন, স্বাস্থ্যসেবাকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্য অর্জনে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী এবং ধর্মীয় নেতাদের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘ডায়াবেটিসসহ অসংক্রামক রোগের বিস্তার কমাতে শুধু চিকিৎসা নয়, জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিশ্চিত করাও জরুরি। সম্মিলিত উদ্যোগে মানুষের খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও দৈনন্দিন জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনা গেলে এসব রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব’-উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার, স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের যৌথ প্রচেষ্টার মাধ্যমে দেশের জনগণের জন্য আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।






