ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রোমে বিমানের গাফিলতির অভিযোগ, তদন্তের শুরুতেই পদ হারালেন জনসংযোগ প্রধান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

রোমে বিমানের গাফিলতির অভিযোগ, তদন্তের শুরুতেই পদ হারালেন জনসংযোগ প্রধান

ইতালির রোমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রী দুর্ভোগ ও অব্যবস্থাপনার ঘটনায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। বিমানবন্দরে সময়মতো সঠিক তথ্য না দেওয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) বোসরা ইসলামকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে করপোরেট প্ল্যানিং বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. মহিউদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যায়, গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩০৬। জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে অবতরণের পর বিমানে কারিগরি ত্রুটি ধরা পড়ে। প্রায় ৮ ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়।

এ সময় দীর্ঘক্ষণ যাত্রীদের বিমানের ভেতরেই আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে যাত্রীদের টার্মিনালে নামানো হলেও বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালির ভিসা না থাকায় প্রায় ১৭০ জন যাত্রীকে প্রায় ৪০ ঘণ্টা রোম বিমানবন্দরের লাউঞ্জ, মেঝে এবং চেয়ারে রাত কাটাতে হয়। খাবার ও লাগাজে থাকা জরুরি ওষুধপত্র সময়মতো না পেয়ে বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীরা মারাত্মক সংকটে পড়েন।

পরবর্তীতে ঢাকা থেকে প্রকৌশলী দল রোমে গিয়ে ত্রুটি সারালে স্থানীয় সময় শনিবার রাতে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয় এবং গত রোববার দুপুর ১২টায় ঢাকায় অবতরণ করে।

আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটি চরম ভাবমূর্তি সংকটে পড়ে। এ সময় বিমানবন্দরে দায়িত্বরত বিমান কর্মকর্তাদের ইতিবাচক সহযোগিতা না পাওয়া এবং তথ্য বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, জনসংযোগ কর্মকর্তাকে পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়টি সত্য। তার স্থানে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়োগ পেয়েছেন বিমানের করপোরেট প্ল্যানিং বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) মো. মহিউদ্দিন।

বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরিবহন ও এভিয়েশন বিশেষজ্ঞরা। তাদের মতে, শুধু জনসংযোগ কর্মকর্তার ওপর দায় না চাপিয়ে বিমানের মূল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও অপারেশনাল টিমের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় জনসংযোগ বিভাগের কর্মকর্তার চাকরি যাওয়ার আগে বিমানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চাকরি যাওয়ার কথা। প্রথমে বলেছে বিমানে এসি নষ্ট, পরে বলেছে সামান্য সমস্যা হয়েছে। এর পরে আবার জানিয়েছে, সামান্য আগুন ধরেছিল। এভাবে তথ্যবিভ্রাটে ফেলে দেয় যাত্রীদের। এমনকি, বিমানের ক্যাপ্টেনেরও এখানে দায়িত্বে অবহেলা ছিল। রিফুয়েলিংয়ের জন্য রোমে বিমান থামানোর সিদ্ধান্তটি ভুল ছিল। যদি কোনও যাত্রী গুরুতর অসুস্থ হতো, তাহলে কোনো হাসপাতালেও তাকে নেয়া সম্ভব হতো না। এমনকি, অপারেশনাল টিমের গাফিলতি নিরপেক্ষভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দিচ্ছেন বিশ্লেষকরা।

বার্তা বাজার/ আইকে

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন