ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যে দুইজন নতুন করে মন্ত্রী হচ্ছেন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

যে দুইজন নতুন করে মন্ত্রী হচ্ছেন

যে দুইজন নতুন করে মন্ত্রী হচ্ছেন

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন আসছে না। তবে সংযুক্ত হচ্ছেন আরো নতুন দুই মুখ।

মন্ত্রিপরিষদে যুক্ত হওয়া নিয়ে আরো বেশ কয়েকজনের নাম আলোচনায় থাকলেও এই ধাপে বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম চূড়ান্ত করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার কিংবা রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠানের আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। মন্ত্রিপরিষদের নতুন এ দুই সদস্য আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তাঁর কাছ থেকে শপথ নেবেন। কারণ রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

সেই অর্থে ২২ আগস্টের মধ্যেই রাষ্ট্রপতি শপথ নিতে পারেন। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হবে। শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছে।

নতুন রাষ্ট্রপতি তাঁদের শপথ পড়াবেন। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের তিন দিনের মধ্যে শপথগ্রহণের বাধ্যবাধকতা থাকায় পরদিন ২১ আগস্ট শুক্রবার শপথ অনুষ্ঠান হতে পারে। এ ছাড়া ২২ আগস্টও ছুটির দিন রয়েছে। সেই লক্ষ্যে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরীকে আনার বিষয়টি পার্বত্য এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও স্থানীয় উন্নয়ন ইস্যুকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। প্রায় দুই মাসের মাথায় নতুন মন্ত্রী পেতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন মীর হেলাল।

এ ছাড়া গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ শামীম কায়সার লিংকন এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।

সব মিলিয়ে নতুন করে দুই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় যুক্ত করার মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় আরেক দফা পরিবর্তন আসতে যাচ্ছে। এখন দেখার বিষয় বৃহস্পতিবারই তাঁদের নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়, নাকি শপথগ্রহণের জন্য ২০ কিংবা ২১ আগস্ট চূড়ান্ত করা হয়।

মন্ত্রিপরিষদের একজন প্রভাবশালী সদস্য জানান, দুজনকে মন্ত্রিসভায় যুক্ত করা হচ্ছে। তাঁদের নাম ও মন্ত্রণালয় চূড়ান্ত করা আছে। আগামী ২০ আগস্ট ঘোষণা করা হবে। তাঁরা নতুন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন।

জানতে চাইলে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘এ বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে মন্ত্রিপরিষদসচিব বলতে পারবেন।’

জানতে চাইলে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, ‘মন্ত্রিপরিষদে যুক্ত হওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন