উল্টে পুকুরে গিয়ে পড়ল যাত্রীবাহী বাস
এমটিনিউজ২৪ ডেস্ক : বরিশাল-ঢাকা মহাসড়কে এক পথচারীকে বাঁচাতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে যায়। এতে ১৫ যাত্রী আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দর থানাধীন ছয়মাইল মল্লিক বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দশমিনা এক্সপ্রেস’ বাসটি ছয়মাইল এলাকায় পৌঁছলে পথচারীকে বাঁচাতে বাসটি ব্রেক ফেল করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পুকুরে উল্টে পড়ে যায়। এতে বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করেন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিমানবন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।






