ঢাকা   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আগামীকাল যেসব এলাকায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম

আগামীকাল যেসব এলাকায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আগামীকাল যেসব এলাকায় টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

এমটিনিউজ২৪ ডেস্ক : পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকা, সদর উপজেলা ও সরাইলে টানা ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখার কথা জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ডিজিএম মো. শফিকুল হক বলেন, বিশ্বরোড এলাকায় থাকা পাঁচটি সিএনজি পাম্প এবং বিসিক এলাকার জন্য পৃথক গ্যাসলাইন স্থাপনের কাজ চলছে। পৃথক লাইন স্থাপন করা হলে শিল্পকারখানা ও সিএনজি পাম্পগুলোতে গ্যাসের চাপ বাড়বে। পাশাপাশি আবাসিক গ্রাহকদের গ্যাস-সংকটও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হতে পারে।

দীর্ঘদিনের গ্যাস-সংকটের মধ্যে নতুন করে ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক মাস ধরে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম থাকা ও অনিয়মিত সরবরাহের কারণে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। এর মধ্যে আবার একটানা ১৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার খবরে ক্ষোভ তৈরি হয়েছে।

কাজীপাড়ার বাসিন্দা শেখ দুলাল ও আফরোজা আক্তার বলেন, গ্যাসের চাপ কম থাকায় নিয়মিত রান্নাবান্নায় সমস্যায় পড়তে হচ্ছে। দিনের ২৪ ঘণ্টার মধ্যে ১৫ ঘণ্টায় গ্যাস থাকে না। বিকল্প জ্বালানির ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবি জানিয়ে এর আগেও বিভিন্ন সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্দোলন, মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, জেলায় গ্যাসের উৎপাদন ও গ্যাসসম্পদ রয়েছে, সেই জেলার মানুষই কেন দীর্ঘদিন গ্যাস-সংকটে ভুগবেন? তাদের দাবি, সাময়িক মেরামতের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস-সংকটের স্থায়ী সমাধান করা হোক।

তাদের প্রত্যাশা, মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষ হওয়ার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি আবাসিক গ্রাহকদের দীর্ঘদিনের নিম্নচাপ ও অনিয়মিত সরবরাহের সমস্যারও কার্যকর সমাধান করবে কর্তৃপক্ষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন