তথ্য না দিয়ে উল্টো সাংবাদিকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে আনসার-ভিডিপির প্রশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রশিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সংবাদকর্মীরা। বুধবার অষ্টগ্রাম উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, অষ্টগ্রামে সরকারি অফিসে শোয়ারঘর বানিয়ে বসবাস ও আগামী দুর্গাপূজায় আনসার মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কাছে তথ্য জানতে চাইলে আনসার-ভিডিপি প্রশিক্ষক রমজান মিয়া সাংবাদিকদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।
রমজান মিয়া সাংবাদিক পরিচয় পাওয়ার পর ক্ষিপ্ত হয়ে দৈনিক ইনকিলাবের নাদিরুজ্জামান আজমল ও দৈনিক সকালের সময়ের মাহবুব আলমকে অফিস থেকে বেরিয়ে যেতে বলেন।
ভুক্তভোগী মাহবুব আলম বলেন, ‘অফিসে তথ্য নিতে গেলে রমজান মিয়া আমাদের বেরিয়ে যেতে বলেন, সাংবাদিক পরিচয় শুনে আরও ক্ষিপ্ত হয়ে রমজান মিয়া বলেন, ‘‘কটিয়াদীতে সাংবাদিক পিটায়্যা হাওরে আসছি, কত নিউজ হইছে! বেরিয়ে যান, যা পারেন গিয়ে করেন।’’
এ বিষয়ে উপজেলা আনসার ভিডিডিপি প্রশিক্ষক রমজান মিয়া বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমার একটি ঝামেলা হয়েছিল, যা বিভিন্ন পত্রিকায়ও এসেছিল। এজন্যই আজকে আমি হাওরে জেল খাটতে এসেছি।’
বিষয়টি দুঃখজনক জানিয়ে উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বুলবুলি আক্তার বলেন, ‘যা কিছু হয়েছে তা সঠিক হয়নি। আমি পূজার কাজের চাপে আছি। একটু সময় করে বিষয়টি সমাধান করব।’
এ প্রসঙ্গে জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট আশরাফুল হক জানান, তিনি বিষয়টি জানেন। তবে ব্যস্ততার কারণে পদক্ষেপ নিতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলশাদ জাহান বলেন, ‘আপনারা লিখিত অভিযোগ দেন। আমি বিষয়টি আনসার-ভিডিপি কর্তৃপক্ষকে জানাব। এখানে আমি সরাসরি কোনো সিদ্ধান্ত নিতে পারব না।’
বার্তাবাজার/এমএইচ





