একটি রাজনৈতিক দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় তিনি দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে এক সমাবেশে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। এ ব্যাপারে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও বিভাজন সৃষ্টি করা যাবে না।” তিনি আরও বলেন, “আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন ও রাষ্ট্রের শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয়।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ব্যারিস্টার আমিনুল হক এমপি ও মন্ত্রী থেকে এই এলাকার মানুষের জন্য কাজ করেছেন। এ এলাকার তার পরিবারেরও অবদান আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবার এ আসনে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ সাহেবকে মনোনয়ন দিয়েছেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করতে হবে।”
এর আগে তিনি গোদাগাড়ীর ফাজিলপুর গোরস্থানে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ব্যারিস্টার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এস এইচ





