বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে।” তিনি বলেন, জাতি একটি সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচনের অপেক্ষায় আছে। প্রায় ২০ বছর জনগণ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। মানুষ ভোটের অধিকার ফিরে পেলে বিএনপি বিপুল ব্যবধানে ক্ষমতায় যাবে—এ কারণেই প্রতিপক্ষ নানা চক্রান্তে লিপ্ত।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোর সদরের পণ্ডিতগ্রাম সাবিনা ইয়াসমিন ছবি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন।
দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশের ওপর হত্যা, গুম, লুটপাট ও নির্যাতনের শাসন চাপিয়ে দিয়েছে। এসব অপরাধের বিচার ঠেকাতেই তারা দেশ ছেড়ে পাশের রাষ্ট্রে অবস্থান করে অনলাইনে লকডাউনের ঘোষণা দিচ্ছে।
তিনি আরও বলেন, দেশে কর্মী-সমর্থক না থাকায় এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া মিছিলের ভিডিও তৈরি করে জাতিকে প্রতারিত করার অপচেষ্টা চলছে।
তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ যুবলীগ–ছাত্রলীগকে প্রতিহত করতে দেশের ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের সকল অপতৎপরতা রুখে দেওয়া হবে।”
দুলু আরও বলেন, শেখ হাসিনা ও তার সাবেক এমপি–মন্ত্রীরা দেশত্যাগ করে ভারতে বসে তাদের অনুসারীদের দিয়ে দেশে অগ্নিসন্ত্রাস ঘটাচ্ছে। রাতের আঁধারে গাড়ি–ঘোড়ায় আগুন দেওয়া এবং হাতে-নাতে ধরা পড়া ব্যক্তিদের স্বীকারোক্তি থেকেই এসব প্রমাণিত হয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “টাকা দিয়ে লোক ভাড়া করে ২–১ জায়গায় ঝটিকা মিছিল করে খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার ঠেকানো যাবে না।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।
বার্তা বাজার/এমএমএইচ





