ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডেইলি স্টারে হামলায় ক্ষতি ৪০ কোটি টাকা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ এএম

ডেইলি স্টারে হামলায় ক্ষতি ৪০ কোটি টাকা

রাজধানীর তেজগাঁওয়ে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা রুজু হয়েছে।

হামলা ও লুটপাটের ঘটনায় প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এজাহারে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে।

সোমবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু।

তিনি বলেন, ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন। তদন্ত চলছে। আসামি গ্রেপ্তারে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।

তেজগাঁও থানায় দায়ের করা এজাহারে অভিযোগ করা হয়েছ, গত ১৯ ডিসেম্বর রাত ১২টা ২৫ মিনিটে ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও দাহ্য পদার্থ নিয়ে ডেইলি স্টার কার্যালয়ের সামনে বেআইনিভাবে সমবেত হয়। তারা উত্তেজনাকর স্লোগান দিয়ে জনরোষ ও দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালায়।

এজাহারে উল্লেখ করা হয়, এর আগে কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার উসকানিমূলক পোস্ট দেয়। এসব নির্দেশনার পর দুষ্কৃতকারীরা মব সৃষ্টির মাধ্যমে ভবনের স্টিল গেট ও কাঁচের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

হামলাকারীরা কার্যালয়ের ভেতরে থাকা সাংবাদিক ও কর্মচারীদের মারধরের চেষ্টা করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। ভবনের নিচতলা, দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি চতুর্থ থেকে অষ্টম তলা পর্যন্ত ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এজাহার অনুযায়ী, দুই শতাধিক কম্পিউটার, ল্যাপটপ, ক্যামেরা, সার্ভার, প্রিন্টার, স্টুডিও ইকুইপমেন্টসহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ধ্বংস ও লুট করা হয়, যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এছাড়া বিভিন্ন লকারে রাখা প্রায় ৩৫ লাখ নগদ টাকা লুট করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়লে ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ভবনের ভেতর আটকে পড়া ৩০ জন সাংবাদিক ও কর্মচারীকে জীবিত উদ্ধার করা হয়।

ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। তদন্ত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নিরূপণের পর জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দ্য ডেইলি স্টার কর্তৃপক্ষ।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন