ঢাকা   বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাসুল (সা.) এর ন্যায়পরায়ণতার আদর্শে দেশ পরিচালনা করবে বিএনপি: তারেক রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০২:০২ এএম

রাসুল (সা.) এর ন্যায়পরায়ণতার আদর্শে দেশ পরিচালনা করবে বিএনপি: তারেক রহমান

দল ক্ষমতায় গেলে রাসুল (সা.) এর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদের একমাত্র পরিচয় বাংলাদেশ। দেশের মানুষই আমাদের রাজনৈতিক ক্ষমতার উৎস।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন হবে দেশকে এগিয়ে নেয়ার নির্বাচন, জনগণের শাসন প্রতিষ্ঠার নির্বাচন এবং দেশ গড়ার নির্বাচন। নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ফজরের নামাজ নয়, তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রে যেতে হবে এবং সজাগ ও সতর্ক থাকতে হবে। তিনি অভিযোগ করেন, একটি দল নানা কৌশলে ভোট দখলের অপচেষ্টা চালাচ্ছে।

আওয়ামী লীগ সরকারের সময়ের নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৫–১৬ বছর ধরে একের পর এক প্রহসনের নির্বাচন হয়েছে। এসব তথাকথিত নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। উন্নয়নের নামে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার অঙ্গীকার করে তারেক রহমান বলেন, চা বাগানের নারী শ্রমিক ও গ্রামাঞ্চলের নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। পাশাপাশি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানীর ব্যবস্থা, যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশগামী যুবকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।

ঢাকা–সিলেট মহাসড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, মহাসড়কের এই অবস্থা দেখলেই স্কুল-কলেজ ও হাসপাতালের অবস্থাও বোঝা যায়। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এ দেশ কার?’-এর জবাবে বলেন, এ দেশ জনগণের। দেশের মালিক জনগণ।

জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে টাকা দিচ্ছে। তিনি বলেন, যারা নির্বাচনের আগেই অসৎ আচরণ করে, তারা কীভাবে সৎ মানুষের শাসন প্রতিষ্ঠা করবে-সে প্রশ্ন জনগণের সামনে রইল।

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, তারা দেখিয়েছেন কীভাবে দেশ শাসন করতে হয়। সৎ মানুষের শাসন একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব।

হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি শাম্মী আক্তার সিফা। তিনি হবিগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু। এতে বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী ডা. সাখাওয়াত হোসেন জীবন, ড. রেজা কিবরিয়া, জিকে গউছ, এস এম ফয়সল এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিম।

তারেক রহমান বিকেল ৫টা ৩৪ মিনিটে মঞ্চে উপস্থিত হয়ে নেতা-কর্মীদের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করেন এবং প্রায় ২৮ মিনিট বক্তব্য দেন। জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি দেখা যায়।

শেষে তিনি দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান। ‘করবো কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বক্তব্য শেষ করেন বিএনপি চেয়ারম্যান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন