বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চোর-ডাকাত ও দুর্নীতিবাজদের ভোট দিয়ে সুশাসন আশা করা যায় না। যারা জনগণের সঙ্গে প্রতারণা করে এবং ক্ষমতায় গিয়ে লুটপাটে জড়ায়, তাদের দিয়ে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।
বুধবার (২৮ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে তারা জনগণের দুঃখ ঘোচাতে ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, উন্নয়ন প্রকল্পের অর্থ আগে ব্যক্তিগত পকেটে ঢুকে, পরে কাজ হওয়ায় উন্নয়ন দুর্নীতিনির্ভর হয়েছে। উন্নয়ন টেকসই হয়নি।
পরওয়ার বলেন, আল্লাহভীরু ও সৎ নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত জনগণ প্রকৃত শান্তি ও ন্যায়বিচার পাবে না। সংসদে আল্লাহর আইন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হলেই রাষ্ট্রে প্রকৃত শান্তি ফিরে আসতে পারে বলেও তিনি দাবি করেন।
আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাঈদীকে পরিকল্পিতভাবে কারাগারে হত্যা করা হয়েছে। নিজের দীর্ঘ কারাবাসের অভিজ্ঞতার কথা উল্লেখ করে পরওয়ার বলেন, আল্লাহর ইচ্ছায়ই আমি আবার জনগণের মাঝে ফিরে এসেছি।
জামায়াতের এই নেতা আরো বলেন, স্বাধীনতার পর থেকে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীকের দলগুলো রাষ্ট্রক্ষমতায় থেকেও সুবিচার ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আদালত ও প্রশাসন দলীয়করণের শিকার হয়েছে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে মামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে অংশ নিচ্ছে উল্লেখ করে তিনি এ রাজনৈতিক ঐক্যকে দেশের জন্য পরিবর্তনের শেষ সুযোগ হিসেবে উল্লেখ করেন। দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন, ড. একরাম উদ্দীন সুমন, আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান, সেক্রেটারি হাফেজ মঈন উদ্দীন, মাহাবুর রহমান, বাবলুর রহমান বাতি, সিরাজুল ইসলাম, সামিদুল হাসান লিমন, তানবীর হাসান, মেহেদী হাসান, জোবায়ের ফকির, মাওলানা বাহারুল ইসলাম গাজী, সিরাজুল ইসলাম, মাওলানা রাশিদুল ইসলাম, বাবর আলী শেখ, সিরাজুল ইসলাম মেম্বার, আলাউদ্দিন মালী, সার্জেন্ট রবিউল ইসলাম, ডা. মফিজুর রহমান প্রমুখ।
বার্তা বাজার/এমএমএইচ





