ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ভীষণ লজ্জা পাচ্ছি’ জামায়াত আমিরের পোস্টকাণ্ডে ডাকসু নেত্রীর আক্ষেপ

Authorরেডিও বার্তা অনলাইন

আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম

‘ভীষণ লজ্জা পাচ্ছি’ জামায়াত আমিরের পোস্টকাণ্ডে ডাকসু নেত্রীর আক্ষেপ
মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র জোটের সম্পাদক ফাতিমা তাসনিম জুমা | ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। এই ঘটনার রেশ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও নেত্রীদের নাম ও ছবি ব্যবহার করে ছড়ানো হচ্ছে ভুয়া (ফেইক) ফটোকার্ড। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন ডাকসু ও মুক্তিযুদ্ধ-গণতন্ত্র জোটের নেত্রী ফাতিমা তাসনিম জুমা। একইসঙ্গে বিরক্তি প্রকাশ করেছেন ঢাবির সহকারী প্রক্টর।

রোববার (১ ফেব্রুয়ারি) পৃথক ফেসবুক স্ট্যাটাসে তারা এই ঘটনার জেরে নিজেদের বিব্রতকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

ফেইক ফটোকার্ড ও জুমার আক্ষেপ

ডা. শফিকুর রহমানের ‘নারী’ সংক্রান্ত কথিত উক্তিকে পুঁজি করে ফাতিমা তাসনিম জুমার ছবি ও নাম ব্যবহার করে বেশ কিছু আপত্তিকর ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে ভীষণ বিব্রত ও লজ্জিত এই ছাত্রনেত্রী।

ফেসবুক পোস্টে জুমা লিখেন, “আমি লজ্জিত যে আমার বন্ধুবান্ধব—যাদের মধ্যে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কেউ কেউ ফেসবুক অ্যাক্টিভিস্ট—তারা যাচাই না করেই এই ছবিগুলো শেয়ার করছে। তারা মুখে ন্যায়ের কথা বলে, আমাকে জ্ঞান দেয়। কিন্তু এমন ছবি দেখার পর সত্যিই খারাপ লাগছে।”

রাজনীতির মাঠে নারীদের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি আরও লিখেন, “সামনে নির্বাচন। দলের কর্মীরা জীবন বাজি রাখবে, নারীরা মানসিক অত্যাচারের শিকার হবে। আর দিনশেষে নেতারা ক্ষমতায় বসবে। আমাদের কাজ যেন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা।”

ইনবক্সে ‘ঝড়’ ও ঢাবি শিক্ষিকার বিরক্তি

এদিকে, একই ইস্যুতে বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। রোববার সকালে এক স্ট্যাটাসে তিনি জানান, জামায়াত আমিরের ওই ইস্যু নিয়ে তার ইনবক্স আজেবাজে বার্তায় ভরে গেছে।

তিনি লিখেন, “মাইগ্রেনের ব্যথার কারণে কাল আর্লি ঘুমিয়েছি। ভোরে উঠে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়। কী একটা অবস্থা! আপনারা একটু ধৈর্য ধরেন। আমার তো একটি সন্তান আছে, তাকে স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হবো।”

কী ঘটেছিল এবং জামায়াতের বক্তব্য

মূল ঘটনার সূত্রপাত শনিবার (৩১ জানুয়ারি) রাতে। জামায়াতে ইসলামীর আমিরের ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি নেতিবাচক পোস্ট দেখা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, তাদের আমিরের অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছিল। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “ষড়যন্ত্রমূলকভাবে অ্যাকাউন্ট হ্যাক করে একটি অনাকাঙ্ক্ষিত ও মিথ্যা পোস্ট দেওয়া হয়েছে। ওই বক্তব্যের সঙ্গে জামায়াত আমিরের কোনো সম্পর্ক নেই এবং এটি আমাদের দলীয় আদর্শের পরিপন্থী।”

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!