ঢাকা   সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দিনভর নাটকীয়তার পর জয় মির্জা আব্বাসের

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

দিনভর নাটকীয়তার পর জয় মির্জা আব্বাসের

দীর্ঘ প্রতীক্ষা, টানটান উত্তেজনা আর নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। শুক্রবার ভোরে ঘোষিত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা-৮ আসন। ঢাকার এই আসনটি শুরু থেকেই ছিল গুরুত্বপূর্ণ ও প্রতীকী। ফলে দুই ভিন্ন ধারার রাজনৈতিক অবস্থানের প্রার্থীর সরাসরি লড়াই জনমনে বাড়তি কৌতূহল তৈরি করে।

মনোনয়ন ঘোষণার পর থেকেই দুই প্রার্থীর বক্তব্য, পাল্টা বক্তব্য এবং অভিযোগ–প্রতিঅভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে মির্জা আব্বাসকে ঘিরে করা মন্তব্যে সমালোচনায় পড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে পাল্টা জবাবে পাটওয়ারীর বিরুদ্ধে নানা অভিযোগও তোলেন মির্জা আব্বাস। এতে নির্বাচনী মাঠে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে।

প্রচারণার পুরো সময়জুড়ে বিভিন্ন সভা–সমাবেশ, পথসভা এবং ভোটার সংলাপের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। কখনও বক্তব্যের কড়া ভাষা, কখনও বা প্রতিপক্ষকে উদ্দেশ করে কটাক্ষ–সব মিলিয়ে ঢাকা-৮ যেন হয়ে ওঠে এবারের নির্বাচনের ‘হাই-ভোল্টেজ’ আসনগুলোর একটি।

ভোটের দিন পর্যন্ত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা। বিভিন্ন কেন্দ্রে অভিযোগ–প্রতিঅভিযোগের ঘটনাও সামনে আসে। এরই মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটকেন্দ্রে মির্জা আব্বাসের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ তোলেন। তবে অভিযোগটি সরাসরি নাকচ করেন মির্জা আব্বাস।

ভোট গণনা শেষ হতে হতে গভীর রাত। শুরুতে ব্যবধান ছিল হাড্ডাহাড্ডি। কেন্দ্রভিত্তিক ফলাফলে কখনও এগিয়ে যান এক প্রার্থী, কখনও আরেকজন। তবে শেষ পর্যায়ে এসে ব্যবধান ধীরে ধীরে বাড়তে থাকে। রাতভর উৎকণ্ঠার পর শুক্রবার ভোরে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

শেষ পর্যন্ত ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন মির্জা আব্বাস। ফল ঘোষণার পর তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বেশ কয়েকটি আসনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা-৮ আসন নিয়েও তারা আপত্তি তোলার ইঙ্গিত দিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!