গণভোটে পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনের সবগুলোতেই ‘না‘ ভোট জয়ী হয়েছে।
এর মধ্যে ‘হ্যা’ এবং ‘না’ এর মধ্যে সবচেয়ে ব্যবধান বেশি রাঙ্গামাটি জেলায় এবং সবচেয়ে কম খাগড়াছড়িতে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত নাগাদ ভোটের ফলাফল চলে আসে।
বেসরকারি প্রাথমিক ফলাফল বিবরণী অনুয়ায়ী বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় মোট ‘হ্যাঁ‘ ভোট পড়েছে ২ লাখ ৮৭ হাজার ৪৭১টি। পাশাপাশি ‘না‘ ভোট পড়েছে ৪ লাখ ২৫ হাজার ৯০৩ টি।
বান্দরবান আসনে গণভোটে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ‘হ্যাঁ‘ ভোট দিয়েছেন ৭১ হাজার ৪১৭ জন, না ভোট দিয়েছেন ৯০ হাজার ১৫৬ জন।
রাঙ্গামাটি আসনে ‘হ্যাঁ‘ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি এবং ‘না‘ এর পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি।
এছাড়া খাগড়াছড়ি আসনে ‘হ্যাঁ‘ ভোট দিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৫৫ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৯৪২ জন ভোটার।
গত তিন দশকের মধ্যে (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ছাড়া) এবারই প্রথম পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনে বিএনপির নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে।
যদিও ভোটের প্রচারে বিএনপির নেতা ও প্রার্থীরা ব্যালটে ‘ধানের শীষ‘ প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ‘ এর পক্ষে ভোট দিতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ভোট গণনা শেষে দেখা গেছে, পার্বত্য চট্টগ্রামের অধিকাংশ ভোটার ধানের শীষ প্রতীকে ভোট দিলেও গণভোটে ‘না‘ এর পক্ষে রায় দিয়েছেন।






