ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাউফলে বিএনপির কর্মীদের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম

বাউফলে বিএনপির কর্মীদের বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিএনপির কর্মী-সমর্থকদের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ ‍উঠেছে।

শুক্রবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এতে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার।

তিনি জানান, উপজেলার দাশপাড়া বিএনপির সভাপতি আলী আজম চৌধুরীর বাড়ি, যুবদল আহ্বায়ক গাজী গিয়াসের কালাইয়ার বাড়ি, যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজের বাড়ি এবং মদনপুরা ইউনিয়নের বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে জামায়াতের কর্মী-সমর্থকরা। কেশবপুর ইউনিয়ন যুবদল নেতা আরিফ, আবু তাহের, অলিউল্লাহ, আফজাল বয়াতি, বাচ্চু মালাকার ও দেলোয়ারকে মারধর করে শিবির সন্ত্রাসীরা। কেশবপুর ইউনিয়নের সিকদার বাজারে শিবির কর্মীরা বিএনপি সমর্থক মিজানের ফার্মেসিতে তালা দিয়েছে।

এ ছাড়া চন্দ্রদীপ এলাকায় বিএনপি নেতা কামাল মেম্বার, সালাম শরীফ, আলমগীর সরদারকে মারধর এবং বিএনপি কার্যালয় ভাঙচুর করে হামলাকারীরা। কনকদিয়া ইউনিয়নে জামায়াতের বিজয়ী প্রার্থী মাসুদের খালাত ভাই মাহামুদের নেতৃত্বে বিএনপি কর্মী আলমগীর গাজীকে কোপানো হয়েছে।

তসলিম তালুকদার দাবি করেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে না। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, পটুয়াখালী-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ৯৮ হাজার ৪৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!