মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক মো. জসিম নায়েব (৩০) নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামের মাফিক নায়েবের ছেলে।
তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, ধানের শীষের সমর্থক স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকেরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। এক পর্যায়ে জসিমকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের বড় ভাই মো. মশিউর রহমান জানিয়েছেন, নাসিরের ছেলে সেচ্ছাসেবক দলের নেতা সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে জসিম গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান।
মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং খতিয়ে দেখা হচ্ছে। নিহত জসিম নায়েব স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন না পাওয়া ‘বিদ্রোহী’ প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন নিহত জসিম। নির্বাচনের পর কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতনের ধানের শীষ মার্কায় জয়ী হওয়ার পরই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।






