জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। এদের পুনর্বাসন বন্ধ করতে হবে। কারো যদি তাদের প্রতি এত পিরিত থাকে, তাহলে ভারতে গিয়ে শেখ হাসিনার কাছেই চলে যান।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি চাঁদপুর সদর উপজেলার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অবৈধভাবে ঠিকাদারি কার্যক্রম পরিচালনার চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের বৈধ ঠিকাদারি লাইসেন্স নেই, তারা যেন কোনোভাবেই কাজ করতে না পারে সে বিষয়ে স্থানীয়দের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে যারা নামে-বেনামে ঠিকাদারি করতে আসে, তাদের চিহ্নিত করে গাছের সাথে বেঁধে আটক রেখে প্রশাসনের কাছে হস্তান্তরের কথাও উল্লেখ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, শেখ হাসিনার আমলে যেভাবে বিভিন্ন স্থানে অনিয়ম ও প্রভাব খাটিয়ে কাজ নেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনো সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা চলছে।
তিনি চাঁদপুরের উন্নয়ন প্রসঙ্গ টেনে বলেন, চাঁদপুর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সরানোর কোনো অপচেষ্টা বা কচুয়াকে কেন্দ্র করে কোনো ষড়যন্ত্র হলে, চাঁদপুরবাসী ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম, জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ, নাগরিক পার্টি চাঁদপুর সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী তামিম খান, ছাত্রশক্তি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেনসহ ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এস এইচ






