ঢাকা   রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যদি আমরা কোনো ভুল করে থাকি, সংশোধন করবেন: হাসনাত আবদুল্লাহ

Authorরেডিও বার্তা ডেস্ক

আপডেট: ২৫ মে ২০২৫, ০৩:০৮ পিএম

যদি আমরা কোনো ভুল করে থাকি, সংশোধন করবেন: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে সম্প্রীতি ও জনগণের সত্যিকারের ক্ষমতা।”

রোববার (২৫ মে) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমহনী বাজার ও কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

জনতার উদ্দেশে তিনি বলেন, “আমরা আপনাদের সন্তান, কোনো ভুল করলে আমাদের সংশোধন করে দিন। আপনারা পাশে থাকলে আমরা একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে পারব।”

তিনি আরও বলেন, “জুলাইয়ের গণআন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের সম্মান রক্ষা করতেই আমাদের পথচলা। সেই বাংলাদেশে আর রাতের আঁধারে ভোট হবে না, পুলিশ ও প্রশাসনের দাপটে নির্বাচন সাজানো হবে না, ইসলাম চর্চা করলেই নির্যাতনের শিকার হতে হবে না। কেউ আর একাধিকবার প্রধানমন্ত্রী হবে না—এটাই হবে প্রকৃত জনগণের বাংলাদেশ।”

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, “আমরা এমন রাষ্ট্র চাই না যেখানে জনগণের অধিকার খর্ব হয়। রাষ্ট্রের সব প্রতিষ্ঠান—পুলিশ, মন্ত্রণালয়, সচিবালয়—হবে জনগণের সেবায় নিয়োজিত।”

চাতরী চৌমহনী বাজারে পথসভা শুরুর আগে হাসনাত আবদুল্লাহ স্থানীয়দের মাঝে এনসিপির বার্তাসংবলিত লিফলেট বিতরণ করেন। পথসভাগুলোতে শত শত নেতা-কর্মী ফ্যাসিবাদবিরোধী স্লোগান ও ব্যানার হাতে নিয়ে অংশ নেন।

দক্ষিণ চট্টগ্রামের সাংগঠনিক সফরের অংশ হিসেবে কর্ণফুলী ও আনোয়ারার পথসভা শেষে এনসিপির নেতাদের বহর বাঁশখালীর উদ্দেশে যাত্রা করে। পরে তাঁরা বাঁশখালী উপজেলা চত্বর, সাতকানিয়ার কেরানীহাট, লোহাগাড়ার আমিরাবাদ, দোহাজারী পৌরসভা, চন্দনাইশ পৌরসভা, পটিয়া কলেজ গেইট মোড় এবং বোয়ালখালী গোমদণ্ডি ফুলতল এলাকায় পথসভায় অংশ নেন।

চাতরী চৌমহনী বাজারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য জোবায়ের আলম মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু ও মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, আজিজুর রহমান রিজভীসহ স্থানীয় নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!